বিডিওএসএনের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা

২ নভেম্বর, ২০২১ ১২:১৬  
প্রথমবারের মতো প্রধান নির্বাহী নিয়োগ দিলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নের বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন  টেলিকম কোম্পানি রবি আজিয়াটার ইনোভেশন ও ডিজিটাল সার্ভিসের জেনারেল ম্যানেজার কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা বিডিওএসএনের চলমান বিভিন্ন প্রকল্প, আয়োজন এবং উন্নয়নসহ সবধরণের কাজের তদারকি করবেন। বিভিন্ন সেক্টরে কানিজ ফাতেমা’র কাজের অভিজ্ঞতা প্রায় ১৭ বছরের। তিনি উৎপাদন খাত,উন্নয়ন খাত,মিডিয়া ও টেলিকম খাতে কাজ করেছেন। বিডিওএসএনে যোগ দেওয়ার আগে তিনি দেশের শীর্ষ টেলিকম কোম্পানি রবি আজিয়াটার ইনোভেশন ও ডিজিটাল সার্ভিসের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। এছাড়া,গ্রামীনফোন লিমিটেডের সঙ্গেও তিনি প্রায় ১১ বছর কাজ করেছেন। কানিজ বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি‘র-আইটি কর্পোরেট (বিডব্লিউআইটি) এর নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। তিনি একজন টেডএক্স স্পিকার। এছাড়াও তিনি অনলাইন এবং টেলিভিশন মিডিয়ার বিভিন্ন বিজনেস ও কর্পোরেট  শো পরিচালনা করেন। কানিজ ফাতেমা অসামান্য একাডেমিক ট্র্যাক রেকর্ড সহ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। তিনি সুইডেনের স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স থেকে 'টেলেনর কোর লিডারশিপ ট্রেনিং'এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন।